আলিপুরদুয়ারে আসামের ব্যবসায়ীর গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার, ঘনীভূত রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যজুড়ে জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারে পুলিশি নাকা তল্লাশির সময় আসামের নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি থেকে উদ্ধার হলো নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা। ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশি সূত্রে খবর, আটক হওয়া ব্যক্তির নাম বিকেন ঈশ্বরারি। পেশায় রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী ওই ব্যক্তি সস্ত্রীক আলিপুরদুয়ারের একটি হোটেলে ছিলেন। মঙ্গলবার সকালে বেরোনোর সময় তল্লাশিতে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। নির্বাচনের মুখে ভিনরাজ্য থেকে বিপুল নগদ নিয়ে প্রবেশের উদ্দেশ্য খতিয়ে দেখছে প্রশাসন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের মুখে ব্যবসায়ী ওই অর্থকে ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে রাখা বৈধ টাকা বলে দাবি করেছেন। তবে পুলিশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না, তা জানতে গভীর তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

