আলিপুরে বচসার জেরে বৃদ্ধকে সজোরে ধাক্কা বাইক চালকের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা পুলিশের আলিপুর থানা এলাকায় সোমবার সন্ধ্যায় এক মর্মান্তিক পথ-দুর্ঘটনা ও মারধরের ঘটনা ঘটেছে। আলিপুর চিড়িয়াখানার সামনে সিগন্যালে একটি বাইক ও চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বাইক চালক আকাশ লাভেট্টি রাগের মাথায় গাড়িতে থাকা ৭০ বছর বয়সী বৃদ্ধ নির্মলকুমার দেওয়ানকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এতে মাথায় গুরুতর চোট পান তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল খোলার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আকাশের বাইকে ধাক্কা দিলে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, যুবকটি ওই গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন এবং অশ্লীল গালিগালাজ শুরু করেন। বৃদ্ধ নির্মলবাবু এর প্রতিবাদ করতে গাড়ি থেকে নামলে অভিযুক্ত আকাশ তাঁকে ধাক্কা মারেন। রাস্তায় পড়ে গিয়ে বৃদ্ধের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর অভিযুক্ত বাইক চালক পালানোর চেষ্টা করলেও আলিপুর থানার পুলিশ বাইকের নম্বর ধরে রাতেই তাকে গ্রেপ্তার করেছে। বৃদ্ধের ছেলের অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আকাশ লাভেট্টিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

