আসাম দেশের একমাত্র রাজ্য যেখানে সরাসরি তেল উৎপাদন হচ্ছে: মুখ্যমন্ত্রী হিমন্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটি: হাইড্রোকার্বন সেক্টরে ফের ইতিহাস গড়ল আসাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, নামরূপ-বোরহাট ব্লকে নতুন করে অপরিশোধিত তেল আবিষ্কারের ফলে আসাম এখন দেশের একমাত্র রাজ্য হিসেবে সরাসরি তেল উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের এই আবিষ্কার রাজ্যের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক। ডিগবয়ের এশীয় ঐতিহ্যের পর এই নতুন সাফল্য আসামের কোষাগারে বিপুল রয়্যালটি নিশ্চিত করবে।
মুখ্যমন্ত্রীর মতে, এই প্রকল্পের ফলে কেবল সরকারি রাজস্ব বাড়বে না, বরং উচ্চ আসামের পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানেও জোয়ার আসবে। শিল্প বিশেষজ্ঞদের দাবি, এই দেশীয় উৎপাদন ভারতের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করবে এবং বিদেশের ওপর তেলের নির্ভরতা কমিয়ে আনবে। সরকারের সংস্কারমুখী নীতির কারণেই রাজ্যে বিনিয়োগের এই নতুন পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

