লেটেস্ট নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি, চার বছর পূর্তির মুখে জেনেভায় মার্কিন মধ্যস্থতায় শান্তি বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির প্রাক্কালে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার থেকে আমেরিকার মধ্যস্থতায় শুরু হওয়া এই দু’দিনের আলোচনায় যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রুস্তেম উমেরভ এবং রাশিয়ার পক্ষে রয়েছেন ভ্লাদিমির মেডিনস্কি। এর আগে আবুধাবিতেও একই ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর থেকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। দীর্ঘ চার বছর ধরে পশ্চিমী দেশগুলোর সহায়তায় ইউক্রেন প্রতিরোধ গড়ে তুললেও বর্তমানে ডনবাসের প্রায় ৭০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে। এবারের বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের উপস্থিতিতে নেটোর সদস্যপদ ও বিতর্কিত ভূখণ্ড বিনিময় নিয়ে জটিল দরকষাকষি চলছে।

বৈঠক শুরু হলেও দুই দেশের মধ্যে পারস্পরিক সংঘাতের রেশ কাটেনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, আলোচনা শুরুর আগের রাতেও রুশ ফৌজ ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ তুলেছে মস্কোও। বিশেষ করে ক্রাইমিয়া ও ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষই অনড় অবস্থানে থাকায় এই শান্তি বৈঠকের ফলাফল কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *