ইউজিসির নতুন বৈষম্য বিরোধী নীতিতে তোলপাড় দেশ: সাধারণ শ্রেণির সুরক্ষা নিয়ে কেন উঠছে প্রশ্ন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউজিসি ঘোষিত ২০২৬ সালের নতুন ‘ইক্যুইটি রেগুলেশন’ ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়েছে। এই বিধিতে জাতিভিত্তিক বৈষম্যকে কেবল তফশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের প্রেক্ষাপটে সংজ্ঞায়িত করায় ক্ষুব্ধ সাধারণ শ্রেণির শিক্ষার্থীরা। উচ্চবর্ণের অধিকার ও সুরক্ষা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। বরেলির এক প্রশাসনিক আধিকারিক প্রতিবাদে পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
নতুন নিয়মে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কড়া নজরদারি ও হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে সমালোচকদের দাবি, এই আইন একতরফা এবং এতে মিথ্যা মামলার বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই। ক্রমবর্ধমান উত্তেজনার মুখে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের আশ্বাস দিলেও সাধারণ শ্রেণির ছাত্র ও শিক্ষকরা সমতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

