ইউনুসকে সরাসরি চ্যালেঞ্জ হাসিনার, যেকোনো আসনে লড়ে জেতার হুঙ্কার দিয়ে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করেছেন শেখ হাসিনা। দলের ফেসবুক পেজে প্রকাশিত একটি অডিও বার্তায় তিনি প্রশ্ন তোলেন, জনমত ছাড়াই ক্ষমতায় আসা ইউনুস কোন অধিকারে দেশের বৃহত্তম দলকে নির্বাচন থেকে দূরে রাখছেন। সাহস থাকলে ইউনুসকে সরাসরি ভোটের লড়াইয়ে নামার চ্যালেঞ্জ জানিয়ে হাসিনা দাবি করেন, যেকোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি বর্তমান প্রধান উপদেষ্টাকে পরাজিত করবেন। এই নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবেও উল্লেখ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, দেশদ্রোহিতা মামলায় হাসিনা ও ২৮৫ জন নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছে ঢাকার আদালত। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ডিসেম্বরে একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন তিনি। আমেরিকা প্রবাসী নেতাদের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে দেশ-বিদেশের কয়েকশ প্রতিনিধি অংশ নিয়েছিলেন বলে সিআইডির চার্জশিটে জানানো হয়েছে। আদালত ইতিপূর্বেই এই মামলায় অভিযুক্তদের হাজিরার নির্দেশ দিয়েছে, যা নিয়ে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে।

