ইউনূস জমানার অবসান! বাংলাদেশে শুরু ঐতিহাসিক ভোটগ্রহণ, মসনদে কি তারেক রহমান?
দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও ৮৪ দফার সংস্কার প্রশ্নে গণভোট শুরু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে মূলত বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। কড়া নিরাপত্তায় প্রায় ৯ লক্ষ কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৭ বছরের নির্বাসন কাটিয়ে ফেরা তারেক রহমানই এখন প্রধানমন্ত্রিত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে। কর্মসংস্থান ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জনমত নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। এছাড়া নির্বাচনী চমক হিসেবে ৮০ জন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে বিশেষ নজর কেড়েছে দলটি। পদ্মাপাড়ের এই ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক সমীকরণের দিকে কড়া নজর রাখছে প্রতিবেশী ভারতও।

