ইউপিআই ট্রান্সফারের বিনিময়ে হাতে আসছে নকল নোটের বান্ডিল স্টেশনে, প্রতারণার নতুন ছক নিয়ে দুশ্চিন্তায় পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
রেল যাত্রীদের টার্গেট করে স্টেশনে সক্রিয় হয়েছে এক ভয়ংকর প্রতারক চক্র। অভিযুক্তরা স্টেশনে যাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে বাড়ির লোক অসুস্থ বা জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর বাহানা দিচ্ছে। নিজেদের ফোনে অনলাইন পেমেন্ট ব্যবস্থা নেই দাবি করে যাত্রীদের ইউপিআই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার অনুরোধ জানাচ্ছে তারা। বিশ্বাস অর্জনের জন্য সঙ্গে সঙ্গেই নগদে সেই টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি নোটের বান্ডিল দেখানো হচ্ছে। কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার করার পর সেই বান্ডিল হাতে নিয়ে যাত্রীরা দেখছেন, উপরে-নিচে দু-একটি আসল নোট থাকলেও ভেতরে রয়েছে স্রেফ সাদা কাগজ বা বাচ্চাদের খেলার নকল টাকা।
হাওড়া সহ বিভিন্ন বড় স্টেশনে এই অভিনব কায়দায় প্রতারণা বেড়ে চলায় উদ্বিগ্ন রেল পুলিশ। বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা যাত্রী এবং সেনা কর্মীদের লক্ষ্য করছে এই চক্রের সদস্যরা। সিসি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়লেও সঠিক নথিপত্র না থাকায় এদের ধরা পুলিশের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সপ্তাহে সপ্তাহে এরা আস্তানা পরিবর্তন করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে জাল বিস্তার করছে। রেল পুলিশের পক্ষ থেকে কড়া সতর্কবার্তায় জানানো হয়েছে, অপরিচিত কারো অনুরোধে নগদের বিনিময়ে অনলাইনে টাকা লেনদেন করবেন না এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানান।

