ইউপিআই পেমেন্টে ভয়ংকর প্রতারণা: স্টেশনে যাত্রীদের জন্য জারি সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রেল স্টেশনে ইউপিআই (UPI) ব্যবহার করে টাকা পাঠাতে গিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতারকরা জরুরি প্রয়োজনে বাড়ি টাকা পাঠানোর নাম করে যাত্রীদের থেকে ডিজিটাল ট্রান্সফার নিচ্ছে এবং বিনিময়ে নকল নোট বা কাগজের বান্ডিল ধরিয়ে দিয়ে চম্পট দিচ্ছে। হাওড়াসহ বড় স্টেশনগুলোতে সক্রিয় এই চক্রটি বিশেষ করে সেনাকর্মীদের টার্গেট করছে।
রেল পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্তরা মূলত ভিন রাজ্যের বাসিন্দা এবং যাত্রী সেজে ঘুরে বেড়ায়। সিসিটিভিতে ছবি মিললেও সঠিক পরিচয় না থাকায় তাদের ধরা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অচেনা ব্যক্তিকে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করা থেকে বিরত থাকতে এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ।

