ইকোপার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ হারালেন বাগুইআটির যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার সকালে ইকোপার্কের সামনে দ্রুতগতির স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী, তিনি বাগুইআটির বাসিন্দা। বিশ্ববাংলা গেট থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাওয়ার সময় ১ ও ২ নম্বর গেটের মাঝে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, মাথায় হেলমেট না থাকায় যুবক গুরুতর আঘাত পান এবং রক্তক্ষরণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘাতক স্কুটিটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ছিটকে পড়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

