“ইচ্ছে করেই দাঙ্গা বাঁধানো হয়েছে?”—রঘুনাথগঞ্জে সংঘর্ষ নিয়ে মমতার তীব্র সুর – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানিগঞ্জের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দক্ষ পুলিশ অফিসারদের সরিয়ে দিয়ে এই দাঙ্গা বাঁধানো হয়েছে। অস্ত্র নিয়ে মিছিল করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন যে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না।
রঘুনাথগঞ্জের সিসাতলা ও ফুলতলা মোড় এলাকায় মিছিলের গান বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠলে ইটবৃষ্টি এবং দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী এই হিংসাত্মক পরিস্থিতির জন্য কমিশনের নিয়ন্ত্রণাধীন প্রশাসনের গা-ছাড়া মনোভাবকে দায়ী করেছেন এবং এই অনভিপ্রেত ঘটনার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন।
নির্বাচন ঘোষণার পর জেলা প্রশাসনের শীর্ষস্তরে রদবদল নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, অভিজ্ঞ অফিসারদের অপসারণের ফলেই আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে এলাকায় র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে কাজ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

