লেটেস্ট নিউজ

ইজরায়েল-আমেরিকার পালটা মারে কি কাবু ইরান? তেহরানের নতুন রণকৌশলে ঘনাচ্ছে আরও বড় যুদ্ধের মেঘ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ গড়াতেই সমীকরণ বদলাতে শুরু করেছে। আমেরিকা ও ইজরায়েলের দাবি, যৌথ অভিযানে ইরানের অন্তত ৭৫ শতাংশ মিসাইল লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যার জেরে তেহরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিমাণ প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে। তবে পশ্চিমী দুনিয়ার এই দাবিকে স্রেফ ‘রণকৌশল’ বলে উড়িয়ে দিয়েছে ইরান।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ব্রিগেডিয়ার জেনারেল সইদ মাজিদ মৌসভি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমানো আদতে তাঁদের এক গভীর গেমপ্ল্যানের অংশ। তাঁর হুঁশিয়ারি, এখন থেকে আর এক টনের কম ওজনের যুদ্ধাস্ত্র ব্যবহার করা হবে না। হামলার পরিধি ও তীব্রতা বাড়িয়ে শত্রুঘাঁটি তছনছ করা এখন স্রেফ সময়ের অপেক্ষা। মূলত দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবেই ইরান হিসেব কষে এগোচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বয়ান ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। একবার যুদ্ধের জয় ঘোষণা করলেও পরক্ষণেই তিনি স্বীকার করে নিয়েছেন যে লড়াই এখনও শেষ হয়নি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার লক্ষণ তো নেই-ই, উলটে মার্কিন সেনার পক্ষ থেকে আরও বড় সামরিক অভিযানের সংকেত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *