ইজরায়েল-ইরান যুদ্ধে মোদির মৌনতা নিয়ে তোপ কংগ্রেসের, পুরনো বন্ধুর সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করল ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর শেষ হতে না হতেই ইরানের ওপর আছড়ে পড়েছে ইজরায়েলি হামলা। মধ্যপ্রাচ্যের দুই বন্ধু রাষ্ট্রের এই রক্তক্ষয়ী সংঘাতে ভারতের অবস্থান নিয়ে এবার রণংদেহি মেজাজে কংগ্রেস। সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রী আসলে কার পক্ষে?
কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেড়া এক্স হ্যান্ডেলে মোদিকে নিশানা করে বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর দাবিদার প্রধানমন্ত্রী কেন বন্ধু দেশ ইরানের ওপর হামলা রুখতে কোনো উদ্যোগ নিলেন না? তিনি কি পরোক্ষে এই যুদ্ধকেই সমর্থন করছেন?”
১৯৯৪ সালের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বিরোধী শিবির জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পশ্চিমী দেশগুলোর ষড়যন্ত্রের মুখে ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিল ইরান। কংগ্রেসের অভিযোগ, পশ্চিমী শক্তিকে তুষ্ট করতে মোদি সরকার ভারতের দীর্ঘদিনের বিদেশনীতির সঙ্গে আপস করছে এবং দুর্দিনের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েল সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সেদেশের সংসদে ভাষণ দেন মোদি। তিনি দেশে ফেরার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের মাটিতে ইজরায়েলের এই সামরিক অভিযানে রীতিমতো অস্বস্তিতে নয়াদিল্লি। বন্ধুত্বের সমীকরণে ভারত এখন কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার।

