ইটাহারে দুই ফুলের লড়াইয়ের মাঝে ফের দলবদল, অমল আচার্যের হাত ধরতেই শোরগোল উত্তর দিনাজপুরে – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের ইটাহারে ফের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলল। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য পুনরায় নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর এই ঘরওয়াপসি ঘিরে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তবে অমল আচার্যের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, তিনি দলে থাকাকালীন কখনোই সেভাবে সক্রিয় ছিলেন না। ফলে তাঁর বিদায়ে দলের কোনো ক্ষতি হবে না বলেই মনে করছে জেলা বিজেপি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এই দলবদল নিয়ে বিশেষ মাথাব্যথা দেখাচ্ছে না। ঘাসফুল শিবিরের মতে, এর ফলে আসন্ন নির্বাচনে তাদের ভোটব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে না। তবে সাধারণ ভোটারদের মতে, ইটাহারে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই যথেষ্ট শক্তিশালী এবং সক্রিয়। এই পরিস্থিতিতে অমল আচার্যের হাত শিবিরে যোগদান ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা উসকে দিচ্ছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচনের মুখে এই মেরুকরণ ইটাহারের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

