ইডির তল্লাশির মাঝেই রহস্যময় সাদা গাড়ি ঘিরে তোলপাড় সল্টলেক – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে ইডির ম্যারাথন অভিযানের মধ্যেই এক রহস্যময় সাদা গাড়িকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের স্টিকারহীন ওই মাহিন্দ্রা গাড়ির পেছনের সিটে রাখা রয়েছে স্তূপীকৃত নীল ও হলুদ রঙের ফাইল। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন সেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং এরপর ওই নথিভর্তি গাড়ির প্রবেশ গোটা ঘটনায় রহস্যের দানা বেঁধেছে।
গাড়ির ভেতরে থাকা ফাইলগুলোতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নাম স্পষ্টভাবে দৃশ্যমান। কোনো অনধিকার প্রবেশ ঠেকাতে গাড়িটিকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন এই বিপুল পরিমাণ সরকারি নথির উপস্থিতি এবং পুলিশি তৎপরতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। তবে ফাইলের ভেতরে ঠিক কী ধরনের গোপন তথ্য রয়েছে, সে বিষয়ে এখনও মুখ খোলেনি কোনো পক্ষই।

