ইডেনে ভারত-ক্যারিবিয়ান মহারণ: টিকিটের কালোবাজারি তুঙ্গে, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপার এইটের ভাগ্যনির্ধারক ম্যাচে রবিবারে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর এই ম্যাচটি সূর্যকুমার যাদবদের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল। হাই-ভোল্টেজ এই লড়াইকে কেন্দ্র করে তিলোত্তমায় উন্মাদনা এখন তুঙ্গে। গ্রুপ পর্বে কলকাতার ভাগ্যে কোনো ম্যাচ না থাকায়, রবিবারের এই ‘ডু অর ডাই’ ম্যাচ ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।
চাহিদার সুযোগ নিয়ে ময়দান চত্বরে দেদার চলছে টিকিটের কালোবাজারি। অভিযোগ উঠেছে, লোয়ার টিয়ারের টিকিট খোলাবাজারে ৩০ হাজার টাকায় বিকোচ্ছে, যা শনিবার ৫০ হাজারে পৌঁছাতে পারে। এমনকি ৯০০ টাকার সাধারণ টিকিট ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনলাইনের প্রথম দফার টিকিট শেষ হয়ে যাওয়ায় এবং দ্বিতীয় দফার কোনো হদিস না মেলায় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবোয়েকে হারিয়ে চাঙ্গা ভারতীয় শিবির এবার সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে। গতবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে মুখিয়ে থাকা হাজারো সমর্থক ভোর থেকে টিকিটের আশায় ভিড় করছেন। তবে আকাশছোঁয়া দাম ও কালোবাজারি কারবারিদের দাপটে সাধারণ ক্রিকেটপ্রেমীদের নাভিশ্বাস উঠছে। রবিবারের এই মেগা ম্যাচে ক্রিকেটের নন্দনকানন হাউসফুল থাকা এখন কেবল সময়ের অপেক্ষা।

