ইডেনে হারের মুখ থেকে বাঁচল ইংল্যান্ড, টম ব্যান্টনের ব্যাটে বিদায়ঘণ্টা বাজল স্কটল্যান্ডের – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে বড়সড় অঘটন থেকে রক্ষা পেল ইংল্যান্ড। স্কটল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল হ্যারি ব্রুকের দল। ফিল সল্ট ও জস বাটলাররা ব্যর্থ হলেও চার নম্বরে নামা টম ব্যান্টনের ৪১ বলে অপরাজিত ৬৩ রানের ঝোড়ো ইনিংস ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। ব্যান্টনকে যোগ্য সঙ্গত দেন স্যাম কুরান ও উইল জ্যাকস।
১০ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে সুপার এইটের লড়াইয়ে টিকে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বল হাতে আদিল রশিদের ৩ উইকেট এবং জফরা আর্চারের জোড়া সাফল্য স্কটল্যান্ডকে অল্প রানে আটকে রাখতে সাহায্য করেছিল। অন্যদিকে ইংল্যান্ডের কাছে এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে অ্যান্ডি মারের দেশ। সোমবার ইডেনে ইতালিকে হারাতে পারলেই পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে ইংলিশ বাহিনী।

