লেটেস্ট নিউজ

ইডেন গার্ডেন্সে বিরাট-রোহিতদের ওডিআই ম্যাচ, সূচি প্রকাশ করল বিসিসিআই – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-২৭ মরসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। এই সূচি অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে ইডেনের দর্শকদের কাছে প্রিয় তারকাদের দেখার এটি একটি বিশেষ সুযোগ হতে চলেছে। ম্যাচটি দুপুর ২টো থেকে শুরু হবে।

ভারত-জিম্বাবোয়ে সিরিজের বাকি ম্যাচ দু’টি যথাক্রমে ৬ জানুয়ারি হায়দরাবাদে এবং ৯ জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। বিসিসিআই-এর বার্ষিক পরিকল্পনা অনুসারে, ভারতীয় দল দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট নয়টি ওডিআই, আটটি টি-২০ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সফরের সূচিও চূড়ান্ত করা হয়েছে।

কেরিয়ারের সায়াহ্নে থাকা বিরাট ও রোহিত আগামী বিশ্বকাপের আগে অন্তত ১৮টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন। ইডেনের হাই-ভোল্টেজ এই ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবোয়ে সিরিজ দিয়ে ভারতীয় দল তাদের বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে মরিয়া। ইডেনের সেই ঐতিহাসিক ম্যাচে কিংবদন্তি এই দুই ব্যাটারকে শেষবার ওডিআই জার্সিতে দেখার অপেক্ষায় তিলোত্তমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *