ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ: দর্শকদের সুবিধার্থে রাতে চলবে অতিরিক্ত মেট্রো – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী রবিবার, ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপার এইট পর্বের এই ম্যাচটি উভয় দলের কাছেই সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াই। রবিবাসরীয় এই দ্বৈরথ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
দর্শক ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ম্যাচ শেষে রাতে যাতে সমস্যা না হয়, সেজন্য এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত ১১টা ১৫ মিনিটে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম অভিমুখী দুটি বিশেষ মেট্রো চালানো হবে। ওই সময়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোও খোলা থাকবে।
সুপার এইটের প্রথম ম্যাচে হারের পর জিম্বাবোয়েকে হারিয়ে বর্তমানে চাঙ্গা অবস্থায় রয়েছে ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়নদের এই ভাগ্যনির্ধারণী ম্যাচ দেখতে ইডেনে উপচে পড়া ভিড় সামলাতেই এই অতিরিক্ত পরিষেবা নিশ্চিত করা হয়েছে। জয়ী দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে।

