ইফতার পার্টিতে গিয়ে চরম বিপাকে ৭ কেন্দ্রীয় জওয়ান, কড়া পদক্ষেপ করল কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদে ইফতারের আমন্ত্রণে গিয়ে শাস্তির মুখে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর সাত সদস্য। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের নির্বাচনী ডিউটিতে থাকা জওয়ানদের জন্য এবার জারি হলো কড়া গাইডলাইন। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ডিউটি চলাকালীন বাইরের কোনও খাবার বা আতিথেয়তা গ্রহণ করা যাবে না।
নতুন নির্দেশিকা অনুযায়ী, জওয়ানরা শুধুমাত্র নিজস্ব মেস বা প্রশাসনের দেওয়া নির্দিষ্ট ফুড প্যাকেটই খেতে পারবেন। কোনও রাজনৈতিক দল বা সাধারণ মানুষের দেওয়া খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনও প্রকার প্রভাবমুক্ত থাকতেই এই কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে।
মুর্শিদাবাদের এই ঘটনায় অভিযুক্ত সাত জওয়ানের মধ্যে তিনজনকে সাত দিনের কাস্টডিতে পাঠানো হয়েছে। দুজনকে দেওয়া হয়েছে কড়া সতর্কতা এবং বাকি দুজনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। শুধু তাই নয়, শাস্তিস্বরূপ এই জওয়ানদের রাজ্য থেকেও সরিয়ে দিয়েছে কমিশন। বাহিনীর সদর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়মের অন্যথা হলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের ময়দানে জওয়ানদের গতিবিধি এবং আচরণের ওপর নজরদারি এখন আগের চেয়েও অনেক বেশি তুঙ্গে। সামান্যতম বিচ্যুতি বা পক্ষপাতের অভিযোগ এড়াতেই এই নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন।

