ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ এগোচ্ছে, পরমাণু চুক্তিতেও বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ইস্যুতে এবার ‘নরমে-গরমে’ কৌশল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি যেমন কূটনীতির মাধ্যমে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে মার্কিন রণতরী পাঠিয়ে সামরিক শক্তির প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে ঘিরে আমেরিকার কাছে বিশেষ পরমাণু পরিকল্পনা রয়েছে।
আলোচনার প্রস্তাব ও রণতরীর হুঙ্কার
স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে যোগ দিয়ে ট্রাম্প জানান, তিনি ইরানে এখনই সামরিক আঘাত করতে চান না। তবে ‘আব্রাহাম লিঙ্কন’ বিমানবাহী রণতরীসহ একটি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের কথায়, “আমি আশা করি এই রণতরীগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা আমাদের সামরিক শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছি।”
গণবিক্ষোভ ও আমেরিকার অবস্থান
গত বছরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী গণআন্দোলন এবং খামেনেই শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে সমর্থন জানিয়ে আসছেন ট্রাম্প। বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করে তিনি আগে হামলার হুমকি দিলেও, বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে। তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার আশ্বাস দেওয়ায় উত্তাপ সামান্য প্রশমিত হয়েছিল। তবে সুইৎজারল্যান্ডের ডাভোস থেকে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
কূটনৈতিক গুরুত্ব
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একদিকে আলোচনার দরজা খোলা রাখছেন, আবার অন্যদিকে পশ্চিম এশিয়ার জলসীমায় নৌবহর পাঠিয়ে তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছেন। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার নতুন ‘বিশেষ পরিকল্পনা’ কী হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।
