ইরানপন্থীদের দেশ ছাড়ার হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মুনিরের – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানে শিয়া ধর্মগুরুদের সরাসরি হুঁশিয়ারি দিলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সম্প্রতি ইরান ও ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে পাকিস্তানে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। মুনির স্পষ্ট জানিয়ে দেন, যাদের ইরানের প্রতি অতিরিক্ত দরদ রয়েছে, তারা যেন সে দেশেই চলে যান। পাকিস্তানে অন্য দেশের ঘটনার ভিত্তিতে কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেছেন।
আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু পরবর্তী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। করাচি ও ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে মার্কিনবিরোধী মিছিলে পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শিয়া সম্প্রদায়ের একাংশের প্রতিহিংসার ডাক দেওয়ার কড়া সমালোচনা করেন সেনাপ্রধান। তবে এর জবাবে শিয়া ধর্মগুরু মহম্মদ শিফা নাজাফি মনে করিয়ে দিয়েছেন যে, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ নিজেও একজন শিয়া ছিলেন এবং সেনাবাহিনীতেও অনেক শিয়া সদস্য রয়েছেন।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে শিয়া নিপীড়নের অভিযোগ দীর্ঘদিনের হলেও সেনাপ্রধানের এমন সরাসরি হুমকি নজিরবিহীন। বর্তমান অস্থিরতায় গিলগিট-বালটিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। করাচিতে মার্কিন কনসুলেটে হামলা এবং পরবর্তী সহিংসতায় প্রাণহানির ঘটনায় সরকার ও সামরিক বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

