ইরানি নৌবাহিনীর হাতে ভয়ঙ্কর বন্দিদশা! মাঝসমুদ্রে ভারতীয় নাবিকদের ওপর চলল গুলি, হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা শোনালেন ক্যাপ্টেন – এবেলা
এবেলা ডেস্কঃ
মাঝসমুদ্রে ঠিক কী ঘটেছিল? যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া জাহাজের ওপর অতর্কিতে হামলা চালায় ইরানের নৌবাহিনী। নিজেদের জলসীমার বাইরে থাকা সত্ত্বেও ভারতীয় নাবিকদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করেছেন ক্যাপ্টেন বিজয় কুমার। বন্দুকের নলে জিম্মি করে তাঁদের দিয়ে জোরপূর্বক নথিতে সই করানোর চেষ্টা চলে। এমনকি নিরপরাধ এই নাবিকদের ওপর ‘ডিজেল পাচারকারী’ তকমা দিয়ে দীর্ঘ ৫০ দিন জেল খাটানো হয়।
ক্যাপ্টেন বিজয় কুমার জানান, সেই ৮০ দিনের বন্দিদশা ছিল যমদুতের সঙ্গে লড়াই করার মতো। একদিকে যুদ্ধের আবহে চারপাশে আছড়ে পড়ছে মিসাইল, অন্যদিকে জিপিএস বা রাডারহীন অচল জাহাজে প্রাণ বাঁচানোর লড়াই। কোনো হেডলাইট বা ব্রেক ছাড়া অন্ধকার রাস্তায় গাড়ি চালানোর মতোই বিপজ্জনক ছিল তাঁদের সেই পরিস্থিতি।
অবশেষে ভারত সরকারের তৎপরতায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কূটনৈতিক হস্তক্ষেপে মুক্তি পান তাঁরা। আর্মেনিয়া হয়ে প্রায় ১৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশে ফিরেছেন এই বীর নাবিকরা। বিভীষিকা কাটিয়ে ফিরে ক্যাপ্টেন কৃতজ্ঞতা জানিয়েছেন এক সহৃদয় স্থানীয় মাঝির প্রতিও, যিনি কোনো টাকা ছাড়াই তাঁদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন।

