ইরানের গ্যাস ভাণ্ডারে হামলা বন্ধের ঘোষণা নেতানিয়াহুর: নেপথ্যে ট্রাম্পের অনুরোধ – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে আপাতত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, আসালুয়েহ গ্যাস কমপ্লেক্সে ইজরায়েল নিজস্ব পরিকল্পনায় হামলা চালালেও বর্তমানে অতিরিক্ত অভিযান স্থগিত রাখা হয়েছে। নেতানিয়াহুর দাবি, ধারাবাহিক অভিযানে ইরানের শাসনব্যবস্থা এখন খাদের কিনারায় এবং দেশটির সামরিক সক্ষমতা অনেকটাই অচল হয়ে পড়েছে।
বিগত ২০ দিনের যৌথ অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। শতাধিক লঞ্চার ও গুরুত্বপূর্ণ অস্ত্র নির্মাণ কারখানা গুঁড়িয়ে দেওয়ায় তেহরানের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি তেল আভিভের। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বিশ্বনিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দেওয়া।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েল ও আমেরিকা এখন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ওপর জোর দিচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে বিকল্প পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু, যা আরব উপদ্বীপ হয়ে ভূমধ্যসাগরীয় বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। ট্রাম্পের সঙ্গে এই ঘনিষ্ঠ সমন্বয়ই মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায় বলে তিনি উল্লেখ করেন।

