লেটেস্ট নিউজ

ইরানের তেল ঘাঁটিতে হামলার পর ট্রাম্পের বিদ্রূপ, উত্তপ্ত পশ্চিম এশিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের প্রধান তেল ঘাঁটি খার্গ দ্বীপে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার রাতের ওই বিধ্বংসী হামলার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ও বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, পশ্চিম এশিয়ার ইতিহাসে এটি অভূতপূর্ব এক অভিযান এবং মার্কিন বাহিনী চাইলে স্রেফ “মজা করার জন্য” ভবিষ্যতে খার্গে আরও কয়েকবার এ ধরনের হামলা চালাতে পারে।

এদিকে তেহরান এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন যে, আমেরিকাকে সহায়তাকারী দেশগুলোর তেল ভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান ইতিমধেই হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্প অবশ্য পিছু না হটে তাঁর মিত্র দেশগুলোকে ওই এলাকায় রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছেন।

যুদ্ধের আবহে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। ট্রাম্প জানিয়েছেন যে ইরান যুদ্ধবিরতি চাইলেও তাদের দেওয়া শর্তগুলো ওয়াশিংটনের পছন্দ নয়। তেহরান স্থায়ী যুদ্ধবিরতি এবং আকাশপথে হামলা বন্ধের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করলেও, আমেরিকা সেই শর্ত মানতে নারাজ। হোয়াইট হাউস বর্তমানে মধ্যস্থতার সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরানে আরও সামরিক অভিযানের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *