লেটেস্ট নিউজ

ইরানের তেল সাম্রাজ্যে মার্কিন থাবা! খার্গ দ্বীপ দখলে রণসজ্জায় ৫০০০ সেনা – এবেলা

এবেলা ডেস্কঃ

পারস্য উপসাগরে যুদ্ধের দামামা বাজিয়ে এবার সরাসরি ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ নীতিতে হাঁটছে ট্রাম্প প্রশাসন। ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত খার্গ দ্বীপের দখল নিতে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনা ইতিমধ্যেই মধ্য এশিয়ার পথে রওনা হয়েছে। আকাশপথে হামলার পাশাপাশি এবার স্থলপথেও তেহরানকে কোমর ভাঙা জবাব দিতে মরিয়া ওয়াশিংটন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশে টহল বাড়াতে পাঠানো হচ্ছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপ থেকেই ইরান দৈনিক ১.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে। এই দ্বীপ হাতছাড়া হওয়া মানে ইরানের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে যাওয়া। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই বিশাল বাহিনী কেবল প্রদর্শনের জন্য নয়, বরং একটি সুপরিকল্পিত অভিযানের অংশ। এদিকে আমেরিকার এই রণসজ্জার পালটা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তেহরানের প্রতিরক্ষা পরিষদের সাফ বার্তা, উপকূলীয় অঞ্চলে কোনো হামলা হলে পারস্য উপসাগরের সমস্ত প্রবেশপথে শক্তিশালী ল্যান্ডমাইন বিছিয়ে দেওয়া হবে। অবরুদ্ধ হরমুজ প্রণালী উদ্ধার এবং ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে ট্রাম্পের এই ‘মাস্টারস্ট্রোক’ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *