ইরানের দখল নিতে কি মাত্র ৪ সপ্তাহ সময় লাগবে ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পারদ এবার চরমে পৌঁছেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবি করেছেন। ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে। তাঁর দাবি, অত্যন্ত হিসেব কষে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং চার সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর হোয়াইট হাউস।
ইরানের ভৌগোলিক আয়তন এবং সামরিক শক্তির কথা স্বীকার করলেও ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন যে, লক্ষ্য পূরণে এক মাসই যথেষ্ট। তবে যুদ্ধের দামামা বাজার মাঝেই আলোচনার একটি ক্ষীণ জানলা খুলে রেখেছেন রিপাবলিকান এই নেতা।
খামেনেই পরবর্তী ইরানের সঙ্গে কি বৈঠকে বসবেন ট্রাম্প
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর সে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় রদবদল ঘটেছে। খামেনেইয়ের শূন্যপদে স্থলাভিষিক্ত হয়েছেন আয়াতোল্লা আলিরেজা আরাফি। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস সূত্রে খবর, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। যদিও আলোচনার এই প্রস্তাব নিয়ে কিছুটা কটাক্ষের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়।
ট্রাম্পের কথায়, ইরান এখন কথা বলতে চাইছে, কিন্তু ওদের উচিত ছিল গত সপ্তাহেই আলোচনায় আসা। এই সপ্তাহে আর সেই সুযোগ নেই। কূটনৈতিক মহলের মতে, একদিকে সামরিক অভিযান জারি রাখা এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব দেওয়া— ট্রাম্পের এই দ্বিমুখী কৌশল তেহরানের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। তবে আলোচনা চললেও সামরিক অভিযান যে এখনই থামছে না, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটন।

