ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের নিরাপত্তায় কুখ্যাত ‘নোপো’ বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে দেশটির দুর্ধর্ষ ও বিতর্কিত বিশেষ বাহিনী ‘নোপো’ (NOPO)। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর গত ৯ মার্চ মোজতবা দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি মার্কিন হামলায় তাঁর গুরুতর জখম হওয়ার খবর নিয়ে জল্পনার মাঝেই তেহরান এই বিশেষ বাহিনীকে তাঁর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করেছে।
১৯৯১ সালে গঠিত এই বাহিনী মূলত জিম্মি উদ্ধার ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে কাজ করে। তবে বিশ্লেষকদের মতে, নোপো সদস্যরা আইআরজিসি-র চেয়েও অনেক বেশি নির্মম ও উচ্চপ্রশিক্ষিত। ইতিপূর্বে ১৯৯৯ সালের ছাত্রবিক্ষোভ এবং ২০১৯-এর অস্থিরতা দমনেও এই বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। ২০২১ সালে সাধারণ মানুষের ওপর নির্যাতনের দায়ে এই বাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হয়।
বর্তমানে মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা থাকলেও তিনি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখা এবং মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। চরম গোপনীয়তার মধ্যে তেহরানের একটি নিরাপদ স্থানে এই বিশেষ বাহিনীর কঠোর নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

