ইরানের বিরুদ্ধে যুদ্ধের ডাক—সৌদি যুবরাজকে ‘প্রকৃত যোদ্ধা’ বললেন ট্রাম্প, কেন এত প্রশংসা? – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘে নয়া মোড় নিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ল স্ট্রিট জার্নাল’-এর দাবি অনুযায়ী, রিয়াদ অবশেষে আমেরিকাকে তাদের কৌশলগত কিং ফাহদ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। দীর্ঘদিনের টালবাহানা কাটিয়ে সৌদির এই পদক্ষেপ তেহরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণারই শামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সালমানকে ‘প্রকৃত যোদ্ধা’ আখ্যা দিয়ে তিনি জানান, সৌদি ও আমিরশাহী চমৎকার কাজ করছে। পাশাপাশি কাতারের চারিত্রিক দৃঢ়তারও প্রশংসা করেন তিনি। ট্রাম্পের মতে, ইরানের হামলার মুখেও এই দেশগুলো পিছু না হটে আমেরিকার পাশে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে।
হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি এবং আমিরশাহীর তেল রপ্তানি বন্দরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলেই দেশগুলো ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির পথে হাঁটল। বর্তমান পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধের আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

