ইরানে আমেরিকার অত্যাধুনিক সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, যুদ্ধের আবহে বড়সড় ক্ষতির মুখে ট্রাম্প প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই আমেরিকার একটি অত্যাধুনিক ‘কেসি-১৩৫’ (KC-135) রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। মাঝ আকাশে অন্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহে সক্ষম এই বিশেষ বিমানটিতে ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে।
মার্কিন সেনার বিবৃতিতে জানানো হয়েছে, দু’টি বিমান একসঙ্গে মিশনে থাকলেও একটি নিরাপদেই অবতরণ করে, তবে অন্যটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তদন্তে কোনো শত্রুপক্ষের আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে এবং এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে আকাশপথে জ্বালানি সরবরাহের জন্য কেসি-১৩৫ বিমানটি আমেরিকার বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দুর্ঘটনায় ৫ জন ক্রু সদস্যের প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। উল্লেখ্য, এই যুদ্ধে এ পর্যন্ত আমেরিকার প্রায় ১৫০ জন সেনা আহত হয়েছেন।

