লেটেস্ট নিউজ

ইরানে উদীয়মান কুস্তিগীরসহ তিনজনের প্রকাশ্য মৃত্যুদণ্ড, দানা বাঁধছে তীব্র ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানে ১৯ বছর বয়সী চ্যাম্পিয়ন কুস্তিগীর সালেহ মহম্মদি এবং আরও দুই প্রতিবাদীকে জনসমক্ষে ফাঁসি দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন দুই পুলিশ সদস্যকে হত্যার দায়ে সালেহসহ সঈদ দাভোদি ও মেহেদি ঘাসেমিকে এই চরম দণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া দেশব্যাপী গণবিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এরাই প্রথম যারা বিচারবিভাগীয় এই কঠোর ব্যবস্থার শিকার হলেন।

মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ এই ঘটনাকে ‘অন্যায্য বিচার’ ও ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, বন্দিদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে এই সাজা কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, বিরোধীদের দমন করতে এবং সমাজে আতঙ্ক ছড়াতেই ইরান সরকার এই পথ বেছে নিয়েছে।

ক্রীড়াবিদ ও মানবাধিকার কর্মীদের মতে, এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অ্যাথলিটদের টার্গেট করে জনমত দমনের এই কৌশলের প্রতিবাদে ইরানকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটিতে আরও অনেক প্রতিবাদীর প্রাণহানির আশঙ্কা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইরানের সাধারণ মানুষের মৌলিক পরিবর্তনের দাবির মুখে সরকার বর্তমানে কঠোর দমননীতির মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *