ইরানে কি মার্কিন সেনা অভিযান শুরু হচ্ছে? ট্রাম্পের নির্দেশে রণসজ্জা তুঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের সংঘাত এবার চরম উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। পেন্টাগন সূত্রে খবর, ইরানি ভূখণ্ডে কয়েক সপ্তাহব্যাপী বড়সড় স্থল অভিযানের ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। হোয়াইট হাউস এই পরিকল্পনায় চূড়ান্ত সিলমোহর দেবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে অন্তত ৩,৫০০ অতিরিক্ত মার্কিন সেনা। ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজে চড়ে অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক রসদ নিয়ে এই বাহিনী রণক্ষেত্রে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার কথা বললেও, অন্যদিকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করেছেন, ‘মিডনাইট হ্যামার’ এবং ‘এপিক ফিউরি’র মতো মার্কিন সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও পরমাণু কেন্দ্রের ৮০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইসহ শীর্ষ নেতৃত্বের পতনের দাবি তুলে তিনি এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পাহলভির মতে, এই শাসনব্যবস্থাকে পুরোপুরি নির্মূল না করলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো আসাম্ভব। মার্কিন রণসজ্জা আর ইরানের পাল্টাহুমকিতে গোটা অঞ্চল এখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।

