লেটেস্ট নিউজ

ইরানে যুদ্ধের মুখে ত্রাহি ত্রাহি দশা উত্তরাখণ্ডের ৩০ পড়ুয়ার, সন্তানদের বাঁচাতে ভারত সরকারের হস্তক্ষেপ চাইছে পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের আবহে চরম উৎকণ্ঠায় দিন কাটছে উত্তরাখণ্ডের হরিদ্বার ও বিকাসনগরের বহু পরিবারের। বিশেষ করে ম্যাঙ্গালোর অঞ্চল থেকে ইসলামিক স্টাডিজের জন্য ইরানে যাওয়া ৩০ জন ভারতীয় ছাত্র বর্তমানে সেখানে আটকা পড়েছেন। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। এর ফলে ওই পড়ুয়ারা দেশে ফিরতে পারছেন না।

পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে, নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় সন্তানদের সঙ্গে ঠিকমতো কথা বলাও সম্ভব হচ্ছে না। মৌলানা সিবতে হাসান জানিয়েছেন, ম্যাঙ্গালোর ও পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে মোট ৩০ জন ছাত্র বর্তমানে ইরানে রয়েছেন। অন্যদিকে, বিকাসনগরের বাসিন্দা আলি হায়দার ও তার স্ত্রী নূরজাহানও কোম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে আটকে পড়েছেন। যুদ্ধের তীব্রতা বাড়ায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি লক্ষ্য করে হামলার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। গত বছরও যুদ্ধের পরিস্থিতির সময় ভারতীয় দূতাবাসের সহায়তায় অনেকে নিরাপদে ফিরেছিলেন। এবারও মোদী সরকার ও বিদেশ মন্ত্রক দ্রুত হস্তক্ষেপ করে তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনবে, এই আশায় বুক বাঁধছেন উদ্বিগ্ন পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *