ইরানে যুদ্ধে নামছে ১২ বছরের শিশুরাও: আইআরজিসির বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বজুড়ে উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে যুদ্ধে অংশগ্রহণের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১২ বছর করার ঘোষণা দিয়েছে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরানে আইআরজিসির সাংস্কৃতিক অধিকর্তা রহিম নাদালি জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে ‘ফর ইরান’ নামক বিশেষ কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে চেকপোস্টে শিশুদের মোতায়েন করে গাড়ি তল্লাশি ও সন্দেহভাজনদের দেহ তল্লাশির মতো কাজে ব্যবহার করা শুরু হয়েছে।
ইরান সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলি গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, শিশুদের প্রাণঘাতী কাজে নিয়োগ করা আন্তর্জাতিক বিধিমালা ও শিশু অধিকার সনদের পরিপন্থী। এর আগেও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ইরান শিশুদের ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। শিশুদের এভাবে যুদ্ধে ঠেলে দেওয়াকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক সমালোচনার মুখে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ১৮ বছরের কম বয়সীদের এই অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। অভিভাবক ও শিশুরা চাইলে স্বেচ্ছায় যুদ্ধে সহযোগীর ভূমিকা পালন করতে পারবে। তবে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের সরাসরি যুদ্ধক্ষেত্রে বা নিরাপত্তা তল্লাশিতে ব্যবহারের বিষয়টি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি অবিলম্বে এই কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছে।

