লেটেস্ট নিউজ

ইরানে হামলা নিয়ে প্রাক্তন সিআইএ কর্তার বিস্ফোরক দাবি, নির্ধারিত সময়ের আগেই যুদ্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা দিলেও তার আগেই হামলার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাক্তন সিআইএ আধিকারিক জন কিরিয়াকৌ এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে দাবি করেছেন, আগামী সোমবার বা মঙ্গলবার অর্থাৎ ২৩-২৪ ফেব্রুয়ারির মধ্যেই ইরানে বড়সড় সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তিনি এই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন।

মার্কিন শর্ত অনুযায়ী, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ও ব্যালেস্টিক মিসাইল নির্মাণ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে হেজবোল্লা ও হাউথির মতো সশস্ত্র সংগঠনগুলোকে সমর্থন জোগানো বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। জন কিরিয়াকৌ জানিয়েছেন, ১০ দিনের সময়সীমা দেওয়া আসলে একটি রণকৌশল মাত্র; বাস্তবে আলোচনার মাঝপথেই আকস্মিক হামলা চালিয়ে তেহরানকে চাপে ফেলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন যে তারা আগামী কয়েক দিনের মধ্যে একটি খসড়া চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। তবে গত শুক্রবার ট্রাম্পের দেওয়া সতর্কবার্তা এবং গোয়েন্দা সূত্রের এই নতুন তথ্য পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে এই সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *