ইরান ইজরায়েল সংঘাতের জেরে মাঝ আকাশ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম অস্থিরতা ও আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ভারতসহ আন্তর্জাতিক বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার AI139 বিমানটি মাঝপথ থেকে ঘুরিয়ে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। শুধু এয়ার ইন্ডিয়া নয়, ইন্ডিগোও তাদের যাত্রীদের সতর্ক করেছে এবং ইরানের আকাশপথ নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে।
আন্তর্জাতিক স্তরে কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, বুলগেরিয়া এয়ার এবং এয়ার ফ্রান্সের মতো সংস্থাগুলোও তাদের একাধিক রুটের উড়ান বাতিল বা স্থগিত করেছে। ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া, ইরাক ও জর্ডানগামী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 অনুযায়ী, সংঘাতের কারণে বহু দীর্ঘপাল্লার বিমান এখন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছে, যার ফলে উড়ানের সময় ও খরচ দুই-ই বাড়ছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর বার্তার পর ইরানও পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে যাত্রীদের ফ্লাইটের স্ট্যাটাস যাচাই করে এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

