ইরান-ইজরায়েল সংঘাত: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্বজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সম্প্রতি ইরানের বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্র সাউথ পার্সে ইজরায়েলি হামলার জবাবে কাতারের রাস লাফরান শিল্পতালুকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় খোদ আমেরিকাও ব্যাপক আর্থিক ও বাণিজ্যিক বিপর্যয়ের মুখে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের শক্তিসম্পদের ওপর আর কোনো হামলা না করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন। ওভাল অফিসে ট্রাম্প স্পষ্ট জানান, জ্বালানি ভাণ্ডারে আক্রমণ বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, মার্কিন আপত্তির পর ইজরায়েল এমন পদক্ষেপ থেকে বিরত থাকবে।
মধ্যপ্রাচ্যের এই জ্বালানি যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক পরিবহন ব্যবস্থা ও অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের প্রাকৃতিক সম্পদের ওপর পুনরায় আঘাত এলে তারা আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে, যা সংকটকে আরও ঘনীভূত করতে পারে।

