ইরান-ইসরায়েল যুদ্ধ: জ্বালানি সংকটে টালমাটাল বাজার, ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে গ্যাস ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে তীব্র সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। কাতার থেকে আসা বাণিজ্যিক গ্যাসের জোগান কার্যত তলানিতে ঠেকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে ভারী শিল্প—সবক্ষেত্রেই উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। এই অচলাবস্থার ফলে কর্মসংস্থানে বড়সড় ধস নামার আশঙ্কা করা হচ্ছে, যা করোনা-কালের ভয়াবহ ছাঁটাইয়ের স্মৃতি ফিরিয়ে আনছে।
জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ও খাদ্য পরিষেবা ক্ষেত্রে। পর্যাপ্ত ডিজেল ও গ্যাসের অভাবে রাস্তায় অটো ও অ্যাপ-নির্ভর ক্যাব কমেছে, যার ফলে বিপাকে পড়েছেন গিগ ওয়ার্কাররা। কলকাতা ও সংলগ্ন এলাকার বহু রেস্তরাঁ ও হোটেল ইতিমধ্যেই বন্ধ হতে শুরু করেছে। পর্যটন শিল্প থেকে শুরু করে অনলাইন খাবার ডেলিভারি—সব স্তরেই আয় কমে যাওয়ায় কাজ হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ কর্মী।
শিল্পমহলের মতে, কাঁচামালের অভাব ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেক কারখানা ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। আসানসোল-দুর্গাপুর ও হাওড়ার শিল্পাঞ্চলগুলোতেও কর্মী সংকোচনের প্রস্তুতি চলছে। ফসমি ও এইচআরএআই-এর মতো সংগঠনগুলো জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশের জিডিপি-তে নেতিবাচক প্রভাব পড়বে এবং কয়েক কোটি মানুষের রুটি-রুজি অনিশ্চিত হয়ে পড়বে। সরাসরি যুদ্ধ না চললেও এই নিঃশব্দ অর্থনৈতিক মন্দা এখন সাধারণ মানুষের প্রধান উদ্বেগের কারণ।

