ইরান ইস্যুতে পিছুটান আমেরিকার, লক্ষ্যপূরণ নিয়ে সংশয় ও নতুন রণকৌশল – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের বর্তমান ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা কার্যত আসাম্ভব বলে মনে করছে খোদ মার্কিন প্রশাসন। সম্প্রতি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যুদ্ধের শুরুতে নির্ধারিত কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব নয় বলে এখন মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ফলে যুদ্ধক্ষেত্রে লাভ-ক্ষতির অঙ্ক নতুন করে কষতে শুরু করেছে ওয়াশিংটন।
বর্তমানে আমেরিকার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই নৌপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ শিথিল করতে পারলেই আমেরিকা একে বড় সাফল্য হিসেবে গণ্য করবে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, ইরান পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটলে ভবিষ্যতে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা এবং আলোচনার দাবি করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং তারা ভুয়া খবর ছড়াচ্ছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়েছে আমেরিকা।

