লেটেস্ট নিউজ

ইরান সংঘাতের আবহে জ্বালানি সংকট রুখতে মোদির মন্ত্র ‘টিম ইন্ডিয়া’ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে দেশে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যার এই বৈঠকে তিনি সংকটের সময়ে কেন্দ্র ও রাজ্যকে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। করোনা মহামারীর প্রতিকূলতা যেভাবে যৌথ প্রচেষ্টায় জয় করা সম্ভব হয়েছিল, বর্তমান পরিস্থিতি সামলাতেও প্রধানমন্ত্রী সেই একই মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি থাকা রাজ্যগুলির মুখ্যসচিবদের উপস্থিতিতে তিনি বর্তমান তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাজ্যগুলোর সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।

জ্বালানি তেল ও এলপিজি নিয়ে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কালোবাজারি বা অতিরিক্ত মুনাফা না করতে পারে, সে বিষয়ে রাজ্যগুলোকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ এবং সরবরাহ সচল রাখাই এখন সরকারের অগ্রাধিকার। যুদ্ধের আবহে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী মোদি রাজ্যগুলোকে সাধারণ মানুষের স্বার্থে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *