ইরান সংঘাত: যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জয়ের দাবি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরান ইস্যুতে অনড় অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি দাবি করেন, আমেরিকা জয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছে। ট্রাম্পের মতে, মার্কিন হামলায় ইরানের নৌ ও বিমানবাহিনী বর্তমানে পুরোপুরি বিপর্যস্ত এবং তাদের পালটা লড়াই করার মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র নেই।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথেই রয়েছে মার্কিন সামরিক অভিযান। তিনি স্পষ্ট করেন যে, আলোচনার সুযোগ থাকলেও প্রতিপক্ষ যখন প্রায় পরাজিত, তখন যুদ্ধ থামানোর কোনো যৌক্তিকতা নেই। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যৌথ হামলায় তেহরানসহ একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, এই লড়াইয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, পরমাণু শক্তিধর রাষ্ট্রকে থামানোর এই অভিযানে মিত্র দেশগুলো সক্রিয়ভাবে শামিল হতে চাইছে না। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ন্যাটোর দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও, এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধানে তারা আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

