ইলেক্টোরাল বন্ড বাতিলের ধাক্কা গায়ে লাগল না বিজেপির! অনুদানের পাহাড়ে বিরোধীরা কোথায়? – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কিত ইলেক্টোরাল বন্ড বাতিল হলেও বিজেপির কোষাগারে রেকর্ড অনুদান অব্যাহত। ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপির প্রাপ্ত তহবিলের পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,০৮৮ কোটি টাকায়। তথ্য অনুযায়ী, কংগ্রেসসহ এক ডজন বিরোধী দলের সম্মিলিত অনুদানের তুলনায় বিজেপির একার প্রাপ্ত অর্থ প্রায় সাড়ে চার গুণ বেশি। ১৬২ পাতার রিপোর্টে দেখা যাচ্ছে, শীর্ষ ৩০টি কর্পোরেট সংস্থার কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছে পদ্ম শিবির।
চলতি অর্থবর্ষে প্রাপ্ত অনুদানের ৬১ শতাংশ এসেছে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে, যার পরিমাণ ৩,৭৪৪ কোটি টাকা। সিরাম ইনস্টিটিউট ও বেদান্তর মতো বড় সংস্থাগুলি এই তালিকার শীর্ষে রয়েছে। ২০১৯-২০ সালের পর এটিই বিজেপির সর্বোচ্চ অনুদান প্রাপ্তি। বন্ড ব্যবস্থা বাতিলের পর স্বচ্ছতা নিয়ে বিতর্ক থাকলেও, আর্থিক শক্তিতে বিজেপি যে ধরাছোঁয়ার বাইরে, তা নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে ফের একবার স্পষ্ট হয়েছে।

