লেটেস্ট নিউজ

ইসরায়েলি হামলায় নিহত ইরানের গুপ্তচরমন্ত্রী ইসমাইল খাতিব, দাবি তেল আভিভের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার ইরানের গুপ্তচরমন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন বলে দাবি করল ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানান, মঙ্গলবার রাতভর চালানো অভিযানে খাতিব প্রাণ হারিয়েছেন। যদিও তেহরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল ও আমেরিকার এই সুপরিকল্পিত হামলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত কয়েক দিনে একের পর এক ইরানি শীর্ষ কর্তাকে নিকেশ করেছে যৌথ বাহিনী। গতকালই খামেনেইর ঘনিষ্ঠ নিরাপত্তা প্রধান আলি লারজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবর সামনে এসেছে। সমর বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটাতে এবং দ্রুত যুদ্ধ সমাপ্তির লক্ষ্যেই বেছে বেছে ইরানের সামরিক ও প্রশাসনিক ‘মাথা’গুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল ও আমেরিকা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। পালটা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ভারতসহ একাধিক রাষ্ট্র শান্তিপ্রস্তাব দিলেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *