ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানি মিসাইল, ট্রাম্পের ৪৮ ঘণ্টার ডেডলাইন: মানচিত্র থেকে মুছে যাবে ইরান? – এবেলা
এবেলা ডেস্কঃ
খবর : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন চরম উত্তেজনায়। দক্ষিণ ইসরায়েলের ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে ইরানি মিসাইল আছড়ে পড়তেই গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে স্পষ্ট ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হোরমুজ প্রণালী’ মুক্ত না করলে ইরানের প্রধান পাওয়ার প্ল্যান্টসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেবে আমেরিকা।
শনিবার ইরানের দু’টি মিসাইল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে আঘাত হানে, যাতে ১০০-র বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলাকে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানে পালটা বিমান হামলা শুরু করেছেন।
বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহকারী হোরমুজ প্রণালী ইরান বন্ধ করে রাখায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানকে ইতিমধ্যেই মানচিত্র থেকে মুছে দিয়েছেন এবং তাদের নৌ ও বিমানবাহিনী এখন পঙ্গু। পাল্টা হুমকিতে ইরান জানিয়েছে, আমেরিকা হামলা করলে তারা ওই অঞ্চলের সমস্ত মার্কিন জ্বালানি কেন্দ্র ও জল শোধনাগার ধ্বংস করে দেবে। যুদ্ধ এখন এক ভয়াবহ পরমাণু সংকটের দোরগোড়ায়।

