লেটেস্ট নিউজ

ইসলামপুরে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন কানাইয়ালাল, প্রার্থী ঘোষণায় পিছিয়ে বিরোধীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসলামপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে বর্তমানে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। গত মঙ্গলবার তার নাম ঘোষণার পর থেকেই তিনি শহর ও গ্রামাঞ্চলে জোরকদমে জনসংযোগ শুরু করেছেন। বিরোধীরা এখনও তাদের প্রার্থীর নাম চূড়ান্ত করতে না পারায় প্রচারের ময়দানে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের অন্দরে প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। উত্তর দিনাজপুর জেলার অন্যান্য কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর কোন্দল দেখা দেওয়ায় ইসলামপুর নিয়ে বিজেপি নেতৃত্ব সতর্ক পা ফেলছে। অন্যদিকে, কংগ্রেস ও সিপিএমের অন্দরেও একাধিক দাবিদার থাকায় কর্মীদের মধ্যে প্রতীক্ষা বাড়ছে। তবে বিরোধীদের দাবি, সঠিক সময়েই যোগ্য প্রার্থীর নাম জানানো হবে।

প্রার্থী হিসেবে নাম আসার পর থেকেই কানাইয়ালাল আগরওয়াল মাটিকুণ্ডা অঞ্চল ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বৈঠক সেরেছেন। বিরোধীদের অনুপস্থিতিতে এই বাড়তি সুবিধা তৃণমূলের পালে হাওয়া দিচ্ছে বলে কানাইয়াবাবু দাবি করলেও, বিরোধীরা এই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *