ইসি-র নতুন কৌশল: বিহারে ভোটার তালিকা সংশোধনে তোলপাড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দল ইন্ডিয়া জোটের অভিযোগ, এই অভিযানের আড়ালে বিশেষ কৌশল ব্যবহার করে ভোটার তালিকা থেকে সুকৌশলে নির্দিষ্ট অংশের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিরোধীরা একে ভারতীয় গণতন্ত্রের কাঠামোর ওপর বড় আঘাত হিসেবে দেখছেন।
নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে ‘পরিচ্ছন্নতা অভিযান’ বললেও সমালোচকদের দাবি, ১১টি নথির কঠোর বাধ্যবাধকতা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে। আম্বেদকরের সর্বজনীন ভোটাধিকারের দর্শনের বিপরীতে গিয়ে কমিশন এখন এক নতুন পথে হাঁটছে বলে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ সত্ত্বেও আধার বা রেশন কার্ড অন্তর্ভুক্তিতে কমিশনের নীরবতা পরিস্থিতি আরও রহস্যময় করে তুলেছে।

