ইস্টবেঙ্গল ছাড়লেন মরক্কান তারকা হামিদ আহদাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
আইএসএল নিয়ে চলতে থাকা চূড়ান্ত অনিশ্চয়তার মাঝেই বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। অনেক প্রত্যাশা নিয়ে লাল-হলুদ শিবিরে যোগ দিলেও শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো মরক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের। ডার্বিতে গোল পেলেও চোট ও ফর্মহীনতায় সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন তিনি। সোমবার দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতেই তাঁর বিদায়ের খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করায় হামিদের অনুরোধ মঞ্জুর করা হয়েছে। মরসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে কাটানো এই ফুটবলারের বিকল্প খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় ফুটবলের বর্তমান ডামাডোলের মধ্যেই সোমবার থেকে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। এখন দেখার, এই হাই-প্রোফাইল তারকার শূন্যস্থান পূরণে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব কাকে সই করায়।

