ঈদের আনন্দে রক্তক্ষয়ী সংঘাত! সামান্য কাদা ছিটানোকে কেন্দ্র করে রণক্ষেত্র গ্রাম – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি থানার ওবরি গ্রামে ঈদের খুশির মেজাজ নিমেষেই বিষাদে পরিণত হলো। তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে একই সম্প্রদায়ের দুই গোষ্ঠী একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে শুরু হয় তুমুল ইটবৃষ্টি ও লাঠিসোটা নিয়ে হামলা। এই রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
একটি কর্দমাক্ত রাস্তা দিয়ে গাড়ি বের করা নিয়ে বচসার সূত্রপাত। কথা কাটাকাটি থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই দুপক্ষ একে অপরের দিকে ইট ও পাথর ছুড়তে শুরু করে, যা দেখে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) দেখা যাচ্ছে উন্মত্ত জনতা পাথর ছুড়ছে এবং চিৎকার করছে।
খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি নজরদারিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

