লেটেস্ট নিউজ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু মানিকচকে, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

মালদার মানিকচক থানার বাকিপুর গ্রামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে বাড়ির বারান্দায় ১৮ বছর বয়সী রিয়া মণ্ডলের দেহ পড়ে থাকতে দেখেন তাঁর মা। অভিযোগ, সেই সময় দেহের পাশে বসে থাকা অভিযুক্ত প্রেমিক সিদ্ধার্থ মণ্ডল পাঁচিল টপকে পালিয়ে যায়। রিয়া মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী ছিল এবং এ বছরই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।

মৃতার পরিবারের দাবি, সিদ্ধার্থ বেশ কিছুদিন ধরে রিয়াকে বিরক্ত করছিল এবং হুমকিও দিচ্ছিল। রিয়ার মা নমিতা মণ্ডলের অভিযোগ, প্রেমঘটিত বিবাদের জেরে তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে বারান্দার সিলিং থেকে একটি ওড়না ঝুলতে দেখা গেলেও রিয়ার দেহ নিচে পড়ে ছিল। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতার গলায় কালশিটের দাগ রয়েছে। তবে ঘটনার আগে রিয়া অভিযুক্তকে আত্মহত্যার বার্তা পাঠিয়েছিল বলেও জানা গেছে। এটি পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *