লেটেস্ট নিউজ

উজ্জয়িনীতে সহপাঠীর বিছানায় ঘুমানোর ‘শাস্তি’, ছাত্রকে বেতপেটা ওয়ার্ডেনের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপাণী রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানে এক নাবালক ছাত্রকে নির্মমভাবে বেতপেটার অভিযোগ উঠল ওয়ার্ডেনের বিরুদ্ধে। জানা গিয়েছে, নিজের নির্দিষ্ট বিছানায় না শুয়ে ভুলবশত সহপাঠীর বিছানায় ঘুমিয়ে পড়েছিল ওই ছাত্র। সেই ‘অপরাধে’ ওয়ার্ডেন দত্তদাস শেবড়ে সবার সামনে ছাত্রটিকে ক্রমাগত আঘাত করতে থাকেন। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই সরকারি প্রতিষ্ঠানে বৈদিক বিদ্যা চর্চা করা হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, যন্ত্রণায় ছাত্রটি কাতরালেও উপস্থিত কেউ ওয়ার্ডেনকে বাধা দিতে এগিয়ে আসেননি। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা হয়নি, তবে ঘটনার নিষ্ঠুরতা দেখে নেটিজেনরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই সামান্য কারণে একজন নাবালকের ওপর শারীরিক নির্যাতন চালানোকে অপরাধ হিসেবে গণ্য করছেন সাধারণ মানুষ।

সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠায় নড়েচড়ে বসেছে প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটির সত্যতা খতিয়ে দেখে অভিযুক্ত ওয়ার্ডেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আবাসিক স্কুলে ছাত্র নিরাপত্তার এই অভাব নিয়ে বর্তমানে অভিভাবক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *